।। বিষ-রোপণ ।।
যে বিষ তুমি দিলে আজ আমার বুকে
গ্রহন করেছি, ধারণ করেছি নিঃশর্তে
তোমার শত অনুযোগ, হয়ত যাবে চুকে
জীবনের সব হিসেব-নিকেষ, এক মুহূর্তে।
না বলা কথায়, দৃষ্টি যখন বাধা পায়
জমাট শূণ্যতা, আর সীমাহীন আকাশের মাঝে
নীরবতার ভাষাও যখন বাকশক্তি হারায়,
আমার নানা রঙের আকাশ অন্ধকারে সাজে।
তোমার দেওয়া গরল উপহার, আকন্ঠ আমার
শিরায় শিরায় তারই স্রোত বয়ে চলে অবিরাম
নিঃশব্দে ক্ষয়ে যায়, রুদ্ধ হয় সম্পর্কের দ্বার,
খুঁজে চলি ভালোবাসা, হারানো স্পর্শের দাম।
মৌনতা আমার চতুর্দিকে, হিমালয়ের মত
শীতলতা, কঠোরতা আমাকে রেখেছে ঘিরে,
সাজিয়ে দিয়েছ জীবন, নিজের মনের মত
ভুলে যেওনা,সত্যি বিষ, তুমি পাবে ফিরে।
হারবে তুমি, জিতব আমি, তা বলছি না
বৃথা কথার আড়ালে, আর করব না তর্ক,
কথার ভাঁজে অট্টালিকা, চাইতে পারিনা,
তুমি আমি জিতব সবাই, হারবে সম্পর্ক।
২৯.৫.২০১৮
হবিবপুর, নদীয়া।
No comments:
Post a Comment